সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে দিকনির্দেশনা, অগ্রগতি এবং সংগঠনের নানাবিধ প্রতিবন্ধকতা ও উন্নয়নমূলক বিষয় নিয়ে রিপোর্টার্স ক্লাব ফরিদপুরের মাসিক মুলতবি সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৭ মে”২৬ রবিবার ক্লাবের কার্যালয়ে শফিউল মঞ্জুর ফরিদের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন প্রিন্ট, টেলিভিশন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভার শুরুতে সভাপতি গত ২৮ এপ্রিল অনুষ্ঠিত মাসিক সভার সিদ্ধান্ত ও আলোচনার অংশবিশেষ পর্যালোচনা করে কার্যক্রম শুরু করেন। এরপর পূর্ববর্তী সভার ধারাবাহিকতায় উপস্থিত সদস্যদের মতামত ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় উপস্থিত বক্তারা অভিযোগ করেন, সংগঠনের সাধারণ সম্পাদক স্বপন মাহমুদ ক্লাবের কোনো সিদ্ধান্ত ছাড়াই ‘বার্ষিক আনন্দ ভ্রমণ’-এর অজুহাতে গোপনে অবৈধ চিঠি তৈরি করে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর থেকে চাঁদা আদায় করেছেন। শুধু তাই নয়, এ বিষয়ে গত সভার সিদ্ধান্ত মোতাবেক মুলতবী সভায় উপস্থিত থেকে সবার সামনে স্পষ্ট কোনো জবাবদিহি না করে তিনি সভায় অনুপস্থিত থেকে বিষয়টি এড়িয়ে যান।সংগঠনের সুনাম অক্ষুণ্ন রাখার স্বার্থে উপস্থিত সদস্যবৃন্দের দাবির মুখে এবং রেজুলেশনের মাধ্যমে সাধারণ সম্পাদক স্বপন মাহমুদের সদস্যপদ বাতিল করা হয়। একই সাথে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া উল্লেখিত বিষয়ে এর সঙ্গে কোন সদস্যের সম্পৃক্ততা পাওয়া গেলে উক্ত সদস্যের ও প্রয়োজনীয় কাগজপত্রহীন অবৈধ সদস্যদের সদস্যপদও যাচাই-বাছাইপূর্বক বাতিলের সিদ্ধান্ত হয়।
উদ্ভূত পরিস্থিতিতে সাধারণ সদস্যদের জোর দাবির ভিত্তিতে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পরে উপস্থিত সদস্যদের কণ্ঠ ভোটের মাধ্যমে দৈনিক আজাদ বাণী ও মাসিক অবাক পৃথিবী এর প্রধান সম্পাদক শফিউল মঞ্জুর ফরিদ কে আহবায়ক ও সিনিয়র সাংবাদিক ম, ফিরোজ কে সদস্য সচিব করে অনূর্ধ্ব আগামী ৩ মাসের জন্য একটি নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এই আহ্বায়ক কমিটি নির্ধারিত সময়ের মধ্যে ক্লাবের সদস্যদের পূর্ণাঙ্গ কাগজপত্র যাচাই-বাছাই করে একটি সঠিক ভোটার তালিকা প্রকাশ করবে এবং বিধিমোতাবেক নির্বাচনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।
সংগঠনকে আধুনিক ও সরকারি নীতিমালা অনুযায়ী গড়ে তোলার লক্ষ্যে সভায় নানাবিধ পরামর্শ ও দিকনির্দেশনা গৃহীত হয়। এছাড়া আসন্ন ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা বিনিময়ের বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়। পরিশেষে সবার অগ্রগতি ও সফলতা কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

রিপোর্টার্স ক্লাব ফরিদপুরের সভা অনুষ্ঠিত
শফিউল মঞ্জুর ফরিদঃ 




















