আসন্ন ২০২৬ বিশ্বকাপে ব্রাজিল দলে নেইমারের জায়গা হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা থাকলেও তাকে বিশ্বমঞ্চে দেখতে চান লিওনেল মেসি। আর্জেন্টাইন অধিনায়কের মতে, নেইমার শুধু ব্রাজিলের নয়, পুরো ফুটবল বিশ্বের জন্যই গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়।
স্থানীয় ‘লো দেল পোলো শো’ পডকাস্টে কথা বলতে গিয়ে মেসি বলেন, “বিশ্বকাপ সবসময় সেরা খেলোয়াড়দের মঞ্চ। নেইমার তার বর্তমান ফর্ম যেমনই হোক, সে সবসময়ই সেরাদের একজন। তাকে বিশ্বকাপে দেখতে পারাটা ফুটবলের জন্যই দারুণ ব্যাপার হবে।”
দীর্ঘদিনের এই বন্ধুকে নিয়ে নিরপেক্ষ থাকা সম্ভব নয় বলেও স্বীকার করেছেন মেসি। তিনি বলেন, “নেইমারের বিষয়ে আমি নিরপেক্ষ হতে পারব না, কারণ সে আমার বন্ধু। আমি চাই তার সঙ্গে ভালো কিছু ঘটুক। সে যেভাবে জীবন কাটায়, যেরকম মানুষ, তাতে সে ভালো কিছুরই যোগ্য।”
বার্সেলোনা ও পরে পিএসজিতে একসঙ্গে খেলার সময় মেসি ও নেইমারের বন্ধুত্ব আরও গভীর হয়। বার্সেলোনায় চার মৌসুম এবং পিএসজিতে দুই মৌসুম সতীর্থ ছিলেন তারা। মাঠের রসায়নের পাশাপাশি ব্যক্তিগত সম্পর্কও ছিল দারুণ।
২০২৩ সালে পিএসজি ছাড়ার পর দুইজনের পথ আলাদা হয়ে যায়। মেসি যোগ দেন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে। অন্যদিকে নেইমার পাড়ি জমান সৌদি আরবের আল হিলালে। তবে ইনজুরির কারণে সেখানে খুব একটা খেলতে পারেননি ব্রাজিলিয়ান তারকা। পরে তিনি ফিরে যান নিজের শৈশবের ক্লাব সান্তোসে।
নেইমারের ব্যক্তিত্ব নিয়েও প্রশংসা করেছেন মেসি। তার ভাষায়, “সে খুব সহজাত একজন মানুষ। নিজের মতো করে জীবন উপভোগ করে। অন্যরা কী বলছে, সেটা নিয়ে খুব বেশি ভাবেও না।”
২০২৩ সালের অক্টোবরে গুরুতর চোট পাওয়ার পর থেকে ব্রাজিল জাতীয় দলের বাইরে আছেন নেইমার। এরপর দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়েছে তাকে। যদিও সাম্প্রতিক সময়ে সান্তোসের হয়ে তার ফিটনেস ও পারফরম্যান্সে উন্নতির আভাস মিলেছে।
ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তিও ইঙ্গিত দিয়েছেন, পুরোপুরি ফিট হয়ে ফিরতে পারলে নেইমারের জাতীয় দলে ফেরার সুযোগ আছে। তবে বিশ্বকাপের আগে নিজেকে প্রমাণ করতে হবে তাকে।
বিশ্বকাপের সম্ভাব্য দাবিদারদের তালিকায় ব্রাজিলকে রেখেছেন মেসিও। তিনি বলেন, “ব্রাজিলের সবসময়ই এমন খেলোয়াড় থাকে, যারা বড় টুর্নামেন্ট জেতার সামর্থ্য রাখে।”

বিশ্বকাপে নেইমারকে দেখতে আগ্রহী মেসি, জানালেন হৃদয়ছোঁয়া বার্তা
অনলাইন ডেস্ক 






















