ফরিদপুরের নগরকান্দা উপজেলায় গুজব ছড়িয়ে ট্রাকচালক হান্নান (৪৫) কে গণপিটুনি দিয়ে হত্যার ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১ মে উপজেলার বিননালিয়া নতুন হাটখোলা এলাকায় একটি গুজবকে কেন্দ্র করে উত্তেজিত জনতা হান্নানকে গণপিটুনি দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করা হলে পরে তার মৃত্যু হয়। পরবর্তীতে তদন্তে জানা যায়, ঘটনাটি সম্পূর্ণ গুজবের ভিত্তিতে ঘটেছিল।
এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে নগরকান্দা থানা-এ একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তের অংশ হিসেবে গত শুক্রবার (৯ মে) রাত ৯টার দিকে নগরকান্দা থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে মো. সাজেদুল মৃধা (২৫) নামে একজনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত সাজেদুল মৃধার বাড়ি উপজেলার দক্ষিণ বিননালিয়া মৃধাডাঙ্গী গ্রামে। তার পিতার নাম মো. অহিদ মৃধা।
পুলিশ জানায়, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও গোপন সংবাদের ভিত্তিতে এসআই সনাতনের নেতৃত্বে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানিয়েছে পুলিশ।

জয়পুরহাটে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি
মামুন রহমান 


















