ফরিদপুরে উৎসবমুখর পরিবেশে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী-২০২৬ (ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং) অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ জুন) জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মহিউদ্দিন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেশকাতুল জান্নাত রাবেয়া।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মাজহারুল ইসলাম শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরে বলেন: ”শুধু পাঠ্যপুস্তক বা প্রাতিষ্ঠানিক শিক্ষার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। পাঠ্য শিক্ষার পাশাপাশি ক্রীড়া, সংস্কৃতি ও নৈতিক মূল্যবোধের চর্চা একজন শিক্ষার্থীকে আদর্শ ও পরিপূর্ণ নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়তা করে।”
তিনি শিক্ষার্থীদের আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এবং নিজেদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে এখন থেকেই আরও মনোযোগী ও আত্মবিশ্বাসী হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিভিন্ন ইভেন্টে (ক্রীড়া, সাংস্কৃতিক, কুইজ ও কাবিং) জেলা পর্যায়ে কৃতিত্বের সাথে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে মেডেল, সনদ ও পুরস্কার বিতরণ করা হয়। অতিথিরা বিজয়ী শিশুদের অসাধারণ সাফল্যের জন্য অভিনন্দন জানান।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে বক্তারা আশা প্রকাশ করেন, শিক্ষার পাশাপাশি ক্রীড়া, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও নৈতিক শিক্ষার বিকাশে এ ধরনের আয়োজন আগামীতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং কোমলমতি শিক্ষার্থীদের মাঝে নেতৃত্বগুণ ও আত্মবিশ্বাস বাড়িয়ে তুলবে।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা ও উপজেলার শিক্ষা কর্মকর্তা, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক এবং প্রতিযোগিতায় অংশ নেওয়া বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

হরমুজ প্রণালীতে ইরানি ড্রোন গুলি করে ভূপাতিত করল যুক্তরাষ্ট্র
শফিউল মঞ্জুর ফরিদঃ 



















