ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে দাঁড়িয়ে থাকা গ্যাস সিলিন্ডারবোঝাই একটি ট্রাকের পেছনে প্রাইভেট কারের তীব্র ধাক্কায় এক শিশু ও দুই নারীসহ ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ২ জন।
মঙ্গলবার ২রা জুন ভোররাত আনুমানিক ৪টা ১৫ মিনিটে ভাঙ্গা থানার চান্দ্রা ইউনিয়নের মালিগ্রাম বাসস্ট্যান্ডের কাছে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে যশোরগামী গ্যাস সিলিন্ডার বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৮-১১৫৮) ঢাকা-ভাঙ্গা মহাসড়কের মালিগ্রাম বাসস্ট্যান্ড থেকে প্রায় ২০০ গজ পশ্চিমে দাঁড়িয়ে ছিল। এ সময় একই দিক থেকে আসা দ্রুতগামী একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ-২৫-৩১৫৫) নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়।
ধাক্কার তীব্রতায় প্রাইভেট কারটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালকসহ ৪ আরোহী নিহত হন। নিহতদের মধ্যে দুজন নারী ও একজন পুরুষ রয়েছেন।
খবর পেয়ে ভাঙ্গা থানার এসআই মো. মামুন হোসেনের নেতৃত্বে পুলিশ এবং ভাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন।
দুর্ঘটনায় আহত ৩ জনকে উদ্ধার করে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তাদের অবস্থার অবনতি হলে এক শিশুকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পথেই সে মারা যায়। এ নিয়ে দুর্ঘটনায় মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ জনে। বাকি ২ জন বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, দুর্ঘটনার পর হাইওয়ে পুলিশ ও থানা পুলিশ যৌথভাবে কাজ করে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করেছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও প্রাইভেট কারটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।
পুলিশ নিহতদের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত নিহত ও আহতদের নাম-পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।

ভোক্তাদের স্বস্তি, এলপিজি সিলিন্ডারের দাম হ্রাস
শফিউল মঞ্জুর ফরিদ 













