রাজধানীর বিভিন্ন সড়কে বিলবোর্ড ও ব্যানারে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে প্রকাশিত সব বিজ্ঞাপন দ্রুত অপসারণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৩ মার্চ) সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তিনি এ নির্দেশ দেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
আতিকুর রহমান রুমন জানান, মঙ্গলবার সকালে গুলশানের বাসভবন থেকে বের হয়ে হাতিরঝিলে পুলিশ প্লাজার সামনে নিজের ছবি সম্বলিত একটি ব্যানার দেখতে পান প্রধানমন্ত্রী। সঙ্গে সঙ্গে সেটি সরিয়ে ফেলার নির্দেশ দেন তিনি। নির্দেশ পাওয়ার পর তাৎক্ষণিকভাবে ব্যানারটি অপসারণ করা হয়।
রাজধানীর বিভিন্ন স্থানে বিভিন্ন কোম্পানির পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করে যে বিজ্ঞাপন প্রচার করা হচ্ছিল, সেগুলোও দ্রুত সরাতে বলা হয়েছে। অতিরিক্ত প্রেস সচিব বলেন, কয়েকদিন আগে বিজয় সরণী দিয়ে যাওয়ার সময় একটি এলইডি পর্দায় অভিনন্দন বার্তাসহ প্রধানমন্ত্রীর ছবি প্রদর্শিত হতে দেখে তখনও তা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল।
মঙ্গলবার সকাল ৯টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী সচিবালয়ে অফিসে যোগ দেন। দিনের কর্মসূচিতে কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল জিয়াউল হক তার সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে উপকূলীয় অঞ্চল ও বঙ্গোপসাগরে জলদস্যুতা, ডাকাতি, অবৈধ পাচার রোধ এবং মৎস্য সম্পদ সুরক্ষায় নিয়মিত টহল জোরদারের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতেও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
এদিকে রাজধানীর যানজট পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর কাছে একটি প্রতিবেদন উপস্থাপন করা হয়েছে। অতিরিক্ত প্রেস সচিব জানান, প্রধানমন্ত্রীসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বিশেষ প্রটোকল ছাড়াই ট্রাফিক সিগন্যাল মেনে চলাচল করায় যানবাহনের গতি বেড়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, আগে রাজধানীতে যানবাহনের গড় গতি ছিল ৪ দশমিক ৫ কিলোমিটার, গত ১৪ দিনে তা বেড়ে ৫ দশমিক ৩ কিলোমিটারে উন্নীত হয়েছে।
মোটা চালের দাম বৃদ্ধির খবর নজরে আসার পর সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। অতিরিক্ত প্রেস সচিব বলেন, নির্দেশের পর খুচরা বাজারে ইতিবাচক প্রভাব দেখা গেছে।

ফরিদপুরে দুই হত্যা মামলার ঘটনাস্থল পরিদর্শন করলেন পুলিশ সুপার
অনলাইন ডেস্ক 













