ফিনিশিংয়ে ভুগল রিয়াল মাদ্রিদ আর তাদের মাঠে স্মরণীয় এক জয়ের উল্লাসে মাতল গেটাফে। সান্তিয়াগো বের্নাবেউয়ে গত সোমবার রাতে লা লিগার ম্যাচটি ১-০ গোলে হেরেছে স্বাগতিকরা। প্রথমার্ধে দুর্দান্ত এক গোলে ব্যবধান গড়ে দিয়েছেন মার্তিন সাত্রিয়ানো। ২০০৮ সালের ফেব্রুয়ারির পর এই প্রথম বের্নাবেউয়ে রিয়ালকে হারাল গেটাফে। ঘরোয়া লিগে টানা দ্বিতীয় হারের তেতো স্বাদ পেল রিয়াল। গত রাউন্ডে ওসাসুনার মাঠে ২-১ গোলে হেরেছিল স্পেনের সফলতম দলটি। বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমানোর সুযোগও হারাল রিয়াল। আসরে চতুর্থ হারের স্বাদ পাওয়া রিয়াল ২৬ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে। সমান ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে শীর্ষে শিরোপাধারী বার্সেলোনা। ম্যাচের শুরুটা দারুণ হতে পারত রিয়ালের। ত্রয়োদশ মিনিটে সুবর্ণ সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন ভিনিসিউস জুনিয়র। মাঝমাঠে প্রতিপক্ষের ভুলে পাওয়া বল ধরে বক্সে ঢ়ুকে পড়েন তিনি। তার সামনে একমাত্র বাধা ছিল গোলরক্ষক। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের শট পা দিয়ে কর্নারের বিনিময়ে রক্ষা করেন দাভিদ সোরিয়া। ২৪তম মিনিটে আরেকবার রিয়ালকে হতাশ করেন গেটাফে গোলরক্ষক। দারুণ নৈপুণ্যে কাছ থেকে জোরাল শট নেন আর্দা গিলের, বল এক হাতে ক্রসবারের ওপর দিয়ে পাঠান সোরিয়া। দুই মিনিট পর বল দখলের লড়াইয়ে রিয়াল ডিফেন্ডার আন্টোনিও রুডিগারের হাঁটুর সঙ্গে লেগে মুখে আঘাত পান দিয়েগো রিকো। মাঠে বেশ কিছুক্ষণ চিকিৎসা নিয়ে খেলা চালিয়ে যান তিনি। ৩৯তম মিনিটে লক্ষ্যে নিজেদের প্রথম শটেই রিয়ালকে স্তব্ধ করে দেন মার্তিন সাত্রিয়ানো। বক্সে রুডিগার হেডে বল ক্লিয়ার করতে ব্যর্থ হওয়ার পর, বক্সের বাইরে সতীর্থের হেড পাস দুর্দান্ত ভলিতে বল জালে পাঠান তিনি। দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে আরেকটি সুযোগ তৈরি করে গেটাফে। মাউরো আরামবারির শট ফিরিয়ে দেন থিবো কোর্তোয়া। ৫৫তম মিনিটে একসঙ্গে তিনটি পরিবর্তন আনেন রিয়াল কোচ আলভারো আরবেলোয়া। লা লিগায় অভিষিক্ত তরুণ থিয়াগো, ডাভিড আলাবা ও ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডের জায়গায় রদ্রিগো, ডিন হাউসেন ও দানি কার্ভাহালকে নামান তিনি। ৭৫তম মিনিটে দারুণ সুযোগ হারান হাউসেন। গিলেরের বদলি নামা ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোর কর্নারে রুডিগারের হেডে দূরের পোস্টে বলে মাথা ছোঁয়াতে পারেননি তিনি। ৭৯তম মিনিটে রিয়ালের সামনে সুযোগ আসে আরেকটি। কাছ থেকে রদ্রিগোর হেড আটকে দেন গোলরক্ষক। তারপরও সুযোগ ছিল; কিন্তু দূরের পোস্টে শট নিতে পারেননি কার্ভাহাল। বাকি সময়ে আক্রমণ-পাল্টা আক্রমণ চলতে থাকলেও, স্কোরলাইনে আর পরিবর্তন আসেনি। ছয় মিনিট যোগ করা সময়ের পঞ্চম মিনিটে রেফারিকে কিছু একটা বলে সরাসরি লাল কার্ড দেখেন আর্জেন্টাইন তরুণ মাস্তানতুয়োনো। একটু পর লাল কার্ড দেখেন গেটাফের আদ্রিয়ান লিসো। ২৬ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে আছে গেটাফে।
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে দুই হত্যা মামলার ঘটনাস্থল পরিদর্শন করলেন পুলিশ সুপার
ইরানে মার্কিন ইসরায়েলি হামলা, নিহত বেড়ে ৭৮৭
মেট্রোসহ রেলভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন যারা
রাজধানীতে ‘অভিনন্দন’ বিলবোর্ড সরাতে প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশ
জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয় : হাইকোর্টের রুল
গেটাফের কাছে হোঁচট খেলো রিয়াল
নেতানিয়াহুর কার্যালয়ে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা—পরিণতি ঘিরে অনিশ্চয়তা
রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস সার্ভিস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
ডিএমপি কমিশনার সাজ্জাতের নিয়োগ বাতিল
স্বর্ণের দামে বড় লাফ, ভরি ২ লাখ ৭৪ হাজার ছাড়াল
নোটিশ :
বাংলা 21 সংবাদ পত্রিকার সাথে যুক্ত হয়ে আপনিও আপনার মতামত, পরামর্শ অথবা অভিযোগ আমাদের জানাতে পারেন।
জনপ্রিয় সংবাদ

খেলাধুলা ডেস্ক 



















